শুক্রবার

২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক, ১৪৩৩

স্বৈরাচারী আমলে সাংবাদিক ইলিয়াসের অবদান; তুলে ধরলেন এনায়েতুল্লাহ আব্বাসী

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৯:৫৮

শেয়ার

স্বৈরাচারী আমলে সাংবাদিক ইলিয়াসের অবদান; তুলে ধরলেন এনায়েতুল্লাহ আব্বাসী
ছবি সংগৃহীত

ড. এনায়েতুল্লাহ আব্বাসী ইসলামি অঙ্গনের সুপরিচিত মুখ, ধর্মীয় বক্তা, ইসলামি স্কলার এবং জৈনপুরীর পীর হিসেবে পরিচিত। ধর্মীয় আলোচনা ও আধ্যাত্মিকতার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তাঁর বিভিন্ন বক্তব্যও নানা সময়ে আলোচনায় এসেছে। সম্প্রতি হলুদ সাংবাদিকতা নিয়ে তাঁর এমনই এক বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

হলুদ সাংবাদিকতা নিয়ে অবস্থান স্পষ্ট

তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার জন্ম হলে, একটি মাহফিলে সাংবাদিকতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন আব্বাসী। তাঁর দাবি, তিনি সবাইকে হলুদ সাংবাদিক বলেননি; বরং যাঁদের সততা নেই এবং যাঁরা টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দেয়, তাঁদের উদ্দেশ্য করেই তিনি এমন মন্তব্য করেছেন।

একইসঙ্গে ২০১৩ সালের শাপলা ট্র্যাজেডির ঘটনাকেও সামনে আনেন তিনি। তাঁর অভিযোগ, সে সময় অনেক গণমাধ্যম ও সাংবাদিক সত্যটা তুলে না ধরে ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন।

প্রথম আলো ও মতিউর রহমানকে নিয়ে অভিযোগ

পাশাপাশি, বাংলাদেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলো নিয়েও বক্তব্যে ক্ষোভ ঝাড়েন এই ইসলামি স্কলার। তাঁর দাবি, দেশে জঙ্গিবাদের নাটক প্রথম আলোই শুরু করেছিল। সেইসঙ্গে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকেও বিদেশি এজেন্ডার অংশ হিসেবে আখ্যায়িত করেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

অপরদিকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার পেছনেও এই পত্রিকাটিকেই দায়ী করেন দেশের এই শীর্ষ আলেম। তাঁর মতে, এই জঙ্গি ন্যারেটিভের কারণে ২০০৭ সালে পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। আর এর মাধ্যমেই ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান।

ইলিয়াস হোসাইনসহ সাংবাদিকদের প্রশংসা

একই বক্তব্যে দেশে সাংবাদিকদের অবদানের কথা বলতে গিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রশংসা করেন আব্বাসী। একইভাবে, ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক ও প্রকাশক এ এম এম বাহাউদ্দীনের সাংবাদিকতারও প্রশংসা করেন তিনি।

অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রসঙ্গ টেনে আব্বাসী বলেন, গত ১৭ বছরে তেলবাজ সাংবাদিকদের ভিড়ে তিনি বিদেশে থেকেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন।

বক্তব্যের একপর্যায়ে হলুদ সাংবাদিকদের নিয়ে কঠোর সতর্কবার্তাও দিতে দেখা যায় জৈনপুরীর এই পীরকে।