বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৯:১৩

শেয়ার

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। প্রধানমন্ত্রীর দপ্তরের পরামর্শে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি ইতোমধ্যে ঢাকায় ফিরে এসেছেন। প্রধানমন্ত্রীর সফরকালে রাষ্ট্রদূতের অনুপস্থিতির বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে এ সফরের সময় রাষ্ট্রদূত দাউদ আলী ঢাকায় অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। তবে কী কারণে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্য একটি কূটনৈতিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে রাষ্ট্রদূত দাউদ আলীর সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন পদস্থ কর্মকর্তার মতবিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

সফর তদারকিতে বিশেষ দায়িত্বে নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর জাপান সফর নির্বিঘ্ন করা এবং সার্বিক তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে গত বুধবার বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে। সফর চলাকালে টোকিওতে অবস্থান করে তিনিই দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দেশে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের সফরের ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিষয়টি নিয়ে জাপান সরকার কোনো প্রশ্ন তোলে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।

১৫ অক্টোবর ঢাকায় ফেরার নির্দেশ

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ পেয়ে তিনি জাপান থেকে ঢাকায় ফিরে আসেন। সফর নিয়ে আলোচনার জন্য তাঁকে ঢাকায় ডাকা হলেও প্রস্তুতিমূলক কাজে তাঁকে যুক্ত রাখা হয়নি।

২৭ অক্টোবর দ্বিপক্ষীয় বৈঠক

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রদূত দাউদ আলী ও মো. নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।