আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।
তিনি আরও বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে এখন নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার
ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। এ গ্যাসের পরিমাণ সারা দেশের বর্তমান গ্যাসের মজুতের সমান বলে দেখা যাচ্ছে। ভোলায় আরও গ্যাসের ভান্ডার থাকারও আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী দীর্ঘদিন ধরে কষ্ট করছেন। গ্যাস তাঁদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
নিজ নির্বাচনি এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার।
আরও পড়ুন:







