সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। কীভাবে আইন সংশোধন করা হবে, সে বিষয়েও কথা হয়েছে।
তিনি বলেন, আলোচনায় টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষ কীভাবে সুরক্ষা পাবেন, তা নিয়ে কথা হয়েছে। এ আলোচনা চলমান রয়েছে। আশা করি, সামনে এ বিষয়ে ভালো কিছু আসবে।
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সন্তোষ তথ্যমন্ত্রীর
দুর্গাপূজায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি এ বিষয়ে কথা বলে আসছেন। হিন্দু-মুসলমানসহ সবাইকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, দুর্গাপূজা উদযাপনকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি নিজে যা দেখেছেন, তাতে কোনো ধরনের খারাপ কিছু দেখেননি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছেন বলেও জানান তিনি।
সাংবাদিক হত্যার ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা
নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক নয়, অন্য কারও ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে থাকলে প্রচলিত আইনে যে ব্যবস্থা রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







