বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক, ১৪৩৩

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেয়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টির আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ০৭:৩৩

আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ ০৮:৩৭

শেয়ার

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেয়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টির আয়োজন
ছবি সংগৃহীত

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইন প্ল্যাটফরমে বুকিংয়ের মাধ্যমে এসব আয়োজনে অংশ নিতেন তরুণ-তরুণীরা। গত সোমবার রাতে বাড়িটিতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করে ডিবি। তাঁদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী। আটক তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

ডিবির তথ্য অনুযায়ী, রাজধানীর ভাটারা থানার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকার ওই বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ভাড়া দিয়েছিলেন। সেখানে ডিজে পার্টির পাশাপাশি মাদক সেবন ও মাদকের কারবার চলার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

অনলাইন বুকিংয়ে চলত পার্টি, জনপ্রতি নেওয়া হতো ৬০০ টাকা

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। নিবন্ধন করে এসব পার্টিতে অংশ নিতেন তরুণ-তরুণীরা। প্রতিটি আয়োজনে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, বাড়িটিতে পাঁচটি কক্ষ ছিল। সেখানে উচ্চ শব্দে গান বাজানোর পাশাপাশি সিসা সেবন করা হতো। অভিযানের সময় বাড়িটির আশপাশে প্রায় ২২টি গাড়ি দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকাররাও এসব পার্টিতে অংশ নিতেন বলে জানিয়েছে পুলিশ।

মদ, ইয়াবা ও কুশ উদ্ধারের দাবি

অভিযানে তিন বোতল মদ, ইয়াবা, কুশ নামের মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে ডিবি। এ ছাড়া যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধারের তথ্যও রয়েছে।

ডিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর পর বাড়িটিতে চলা পার্টি বন্ধ হয়ে যায়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও ছিলেন।

তরুণদের এক মাস, তরুণীদের ১৫ দিনের কারাদণ্ড

ডিবির উপকমিশনার ইলিয়াস কবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। তরুণদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তরুণীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগ করতে হবে বলে জানান তিনি।

বাড়িভাড়া ও আয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়ার বিষয়টি সামনে আসার পর এর ব্যবস্থাপনা ও আয়বণ্টন নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ডিবির ভাষ্য অনুযায়ী, একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে বাড়িটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকেও আটক করা হয়েছে।

অন্যদিকে, বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বক্তব্যও সংবাদমাধ্যমে এসেছে। তাঁর দাবি, অনলাইন প্ল্যাটফরমে বাড়িটি ভাড়া দেওয়ার সময় অবৈধ কর্মকাণ্ড না করার শর্ত দেওয়া হয়েছিল। ভাড়াটিয়ারা সেই শর্ত ভঙ্গ করে কোনো অপরাধ করলে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তানো উচিত কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।