বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২৩:১৮

শেয়ার

মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা উদ্যানের সি ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল যোগাযোগ রাখছিলেন।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সদস্য জালাল উদ্দিন (৩২), হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি নাঈম হাসান ডালিম (৩২), একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং সাবেক স্বেচ্ছাসেবক লীগ সদস্য আল-আমিন (৩৫)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বুধবার এসব তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল যোগাযোগ রাখছিলেন। ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাঈম হাসান ডালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন থানায় দায়ের করা মামলাও রয়েছে।

এছাড়া গ্রেপ্তার মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা, বিস্ফোরক, ভাঙচুর ও অন্যান্য অভিযোগে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।