স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
গত কয়েক দিনে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে। এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ উসকানি দিয়ে তাঁদের ফাঁদে ফেলতে না পারে।
তিনি আরও বলেন, দেশের কয়েকটি জায়গায় কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নেতা-কর্মীদের অবশ্যই ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
আরও পড়ুন:







