মঙ্গলবার

২০ অক্টোবর, ২০২৬ ৫ কার্তিক, ১৪৩৩

ইশরাকের কাজ ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৬:৩৭

শেয়ার

ইশরাকের কাজ ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার
ছবি সংগৃহীত

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া শোভন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির হাতে অস্ত্র থাকা মানায় না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। ইতোমধ্যে ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। এ কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। গতকাল সাদেক হোসেন খোকার ছেলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।

ইশরাক হোসেনের ভূমিকা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন ইশরাক। তার কাজ ভালো হলেও অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি।

তিনি বলেন, একজন প্রতিমন্ত্রীর সঙ্গে দেহরক্ষী থাকে। পুলিশ বাহিনী দুর্বল হলে দলীয় কর্মীরাও সহযোগিতায় যেতে পারে। কিন্তু মন্ত্রী পর্যায়ের একজন নেতার হাতে অস্ত্র থাকা, তা আইনি হোক বা বেআইনি, শোভন নয়। এ কারণেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তবে দুর্বৃত্তদের দমন করতে যাওয়ার জন্য সাধারণ মানুষ ভবিষ্যতে নিশ্চয়ই তাকে মূল্যায়ন করবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে স্পিকার বলেন, তাদের সামনে দুটি উদাহরণ রয়েছে। অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে আপসহীন রয়েছেন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ কারণে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসনের পর জনগণ একটি ভালো ও নির্বাচিত সরকার পেয়েছে, যারা জনগণের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ধরনের সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংসদে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছি

সংসদে নিজের নিরপেক্ষতা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি নিরপেক্ষভাবে সংসদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। বিরোধী দলের সদস্যরাও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি।

তিনি বলেন, সংসদে সরকারি দল ও বিরোধী দলের সবাইকে কথা বলার সমান সুযোগ দিয়েছেন। সরকারি দলের মন্ত্রী কিংবা বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারের সমালোচনা করার সময় তিনি কখনো কারও কণ্ঠ রোধ করার চেষ্টা করেননি। গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দল উভয়ই থাকবে এবং সবাইকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।