জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ২৫ নভেম্বর। এ তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের ভোটগ্রহণের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা।
ভোটার তালিকা চূড়ান্ত ২৫ নভেম্বর
সোমবার এক নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম হয়েছে, তাদের মধ্যে যারা এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।
এ লক্ষ্যে আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা ছিল আগস্টে। ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা ছিল এবং সেপ্টেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। এ লক্ষ্যে ভোটার তালিকা মুদ্রণের কাজও শুরুর পরিকল্পনা ছিল।
তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় দেশজুড়ে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:







