সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৪:৫৬

শেয়ার

কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে বললেন আইনমন্ত্রী
ছবি সংগৃহীত

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন মন্ত্রী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো সেভাবেই অংশ নিতে পারবেন।

সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী জানিয়ে এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।