সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

পদত্যাগপত্র জমা দিয়ে সংবাদ সম্মেলন করবেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৩:৫৬

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬ ১৩:৫৯

শেয়ার

পদত্যাগপত্র জমা দিয়ে সংবাদ সম্মেলন করবেন ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণার আগেই পদত্যাগপত্র জমা দেবেন ইশরাক হোসেন। এরপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন তিনি।

বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে তাতে যোগ দেয়ার আশা করেন তিনি।

ইশরাক আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করার কথাও জানান তিনি।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’