সোমবার

১৯ অক্টোবর, ২০২৬ ৪ কার্তিক, ১৪৩৩

আ.লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৩:১৯

শেয়ার

আ.লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) জুলাই স্মৃতিস্তম্ভ এবং ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। তারা জুলাইকে ধারণ করে না বলেই জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধী দল আগের অবস্থায় ফিরে এসেছে।

এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—দুই আন্দোলনের লক্ষ্যই ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।

জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তারেক রহমান বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনার জন্য জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছে। আগামী পাঁচ বছর এই দল দেশ পরিচালনা করবে।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। এ কারণে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।