সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ, শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ সরকার।
এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে ঘটনার বিস্তারিত জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন ওই দুই বাংলাদেশি। সৌদি আইনে এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি।
তিনি আরও বলেন, সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত তথ্য জানা যাবে। পাশাপাশি মরদেহগুলো কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
এর আগে গত বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
আরও পড়ুন:







