হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ উদ্যোগের আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ব্যবস্থায় যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া মনিটরে সরাসরি দেখতে পারবেন। এর মাধ্যমে লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপ সম্পর্কে যাত্রীরা স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
বেবিচকের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি লাগেজ পরিবহনের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাওয়ায় যাত্রীদের আস্থা বাড়বে এবং সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বেবিচক জানায়, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবিচক।
আরও পড়ুন:







