হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য দেশ ছেড়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাইতির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তাঁরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইতিতে জিএসএফে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য রওনা হয়েছেন।
হাইতির উদ্দেশে যাত্রার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
এ সময় মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে এই মোতায়েন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন:







