বৃহস্পতিবার

১৫ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২২:২৩

শেয়ার

তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সাবেক প্রধান উপদেষ্টার জন্য বিশেষ প্রটোকল ও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা, নিউইয়র্কে হেনস্তার ঘটনায় যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাবেক সরকারপ্রধান হিসেবে তাঁর জন্য বিশেষ প্রটোকলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এ নিরাপত্তা ও প্রটোকল বহাল থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে একদল ব্যক্তি হেনস্তা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দা জানানো হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িতদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনূসের মতো ব্যক্তিত্বকে দেশের বাইরে এ ধরনের হেনস্তার ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।