শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে দুই ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ০৮:১০

শেয়ার

শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে দুই ট্রাইব্যুনালে
ছবি সংগৃহীত

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ২৬টি মামলার বিচার চলছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি রয়েছেন ৩২৮ জন। এ ছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও ৪৪টি মামলা তদন্তাধীন রয়েছে। বিচারাধীন ও তদন্তাধীন মামলাগুলোতে মোট আসামি ৪৮৮ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ১৮৩ জন এবং পলাতক রয়েছেন ৩৫২ জন। পলাতক আসামিদের মধ্যে ৪৮ জন দণ্ডপ্রাপ্ত।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় করা মামলাও রয়েছে বিচারাধীন তালিকায়।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এসব তথ্য প্রকাশ করা হয়।

সাত মামলার রায়, সর্বোচ্চ শাস্তি পেয়েছেন ২৩ আসামি

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুটি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলার রায় হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তিনটি এবং ট্রাইব্যুনাল-২ চারটি মামলার রায় দিয়েছেন। দুই ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাসহ ২৩ আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তথ্য প্রকাশের পর সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর ট্রাইব্যুনালগুলোর অবকাঠামো ও কার্যক্রম নতুন করে গড়ে তুলতে হয়েছে। এ কারণে তদন্ত ও বিচারকাজে কিছুটা সময় লেগেছে। তবে একটি মামলার বিচার শেষ করতে গড়ে সাত থেকে আট মাস সময় লাগে। মামলাভেদে তদন্তের সময়কাল ভিন্ন হয়।

তিনি জানান, গ্রেপ্তার কয়েকজন সাবেক মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন পেয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটরের অনুমোদন পাওয়ার পর তা দাখিল করা হবে।

প্রসিকিউটর তামীম বলেন, প্রসিকিউশন আইনে নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে। উভয় পক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করছেন। তবে এ তদন্ত শেষ করতে কত সময় লাগতে পারে, তা এখনই বলা কঠিন।

তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও আনিসুল হকসহ কয়েকটি আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে। এসব মামলার কার্যক্রমের অগ্রগতিতে প্রসিকিউশন সন্তুষ্ট।

সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক হবে। এরপরের কার্যতালিকা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে।