বৃহস্পতিবার

১৫ অক্টোবর, ২০২৬ ৩০ আশ্বিন, ১৪৩৩

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১৯:৪১

শেয়ার

সার সংকট তৈরিতে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে সার সংকটের পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, সরকারকে বিভ্রান্ত করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে তাঁদের দলীয় লোকজনের মাধ্যমে এই সংকট তৈরি করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ তুলে ধরেননি।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের গড়াইঘাটে শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সার ডিলারদের স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য রয়েছেন এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। ডিলার নিয়োগের কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকেরা এ কার্যক্রম পরিচালনা করেছেন। বিরোধী দল কোনো অভিযোগ করে থাকলে কার বিরুদ্ধে করেছে, তা তাঁর জানা নেই।

দ্রুত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের আশ্বাস

শহীদ আবরার ফাহাদের বাবা গত ৮ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একটি মসজিদ নির্মাণ এবং গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সেতুটি দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তাঁর সঙ্গে সেতুসংশ্লিষ্ট প্রকৌশলীরাও রয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, সেতু নির্মাণের আগে মাটির পরীক্ষা ও সমীক্ষা করতে হবে। এরপর কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি আশ্বাস দেন, দ্রুত সময়ের মধ্যে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও তদন্ত ইউনিট) মো. এবাদত আলী, খোকসা উপজেলাধীন গড়াই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আশরাফুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।