বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির ক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অন্য উৎসগুলোও ঠিক নেই। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।
তিনি বলেন, এ অবস্থায় কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে চলতি মাসেই আবারও বৈঠক হবে।
আরও পড়ুন:







