মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

রিয়াদ বিমানবন্দর বন্ধে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ০৭:৫২

শেয়ার

রিয়াদ বিমানবন্দর বন্ধে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী
ছবি সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী। গত শনিবার থেকে মঙ্গলবার (আজ) ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্য থেকে ট্রানজিট নিয়ে রিয়াদে যাওয়ার কথা ছিল। তবে নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।

এর আগে রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমানেও হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে। হুথিরা রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এর আগে হুথিরা সতর্ক করে বলেছিল, কোনো বিমানসংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে বিমান চালালে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর পর গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।