সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)।
যেসব অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার দুই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অন্যতম। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এর আগে আরও সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
চলতি বছর বিভিন্ন সময়ে সেনাবাহিনীর একাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
একই মাসের শেষ দিকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করে ডিবি।
আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। এক-এগারোর সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় তাঁকে অন্যতম হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







