শনিবার

১০ অক্টোবর, ২০২৬ ২৫ আশ্বিন, ১৪৩৩

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ১০:২৮

শেয়ার

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ
ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল দুটি নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি উদ্ধার করে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। খবর পেয়ে তেজগাঁও বিভাগের পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

ইবনে মিজান আরও জানান, উদ্ধার করা বস্তুতে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। এটি সাধারণ পটকাজাতীয় বিস্ফোরক উপাদানের মতো ছিল বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো স্পর্শকাতর স্থানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে চলে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।