রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অ্যালেক্সি লিখাচেভ জানান, কেন্দ্রটির প্রথম ইউনিটে ব্যবহৃত ভিভিইআর-১২০০ চুল্লি থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।
বৈঠকে রোসাটমের মহাপরিচালক আরও জানান, আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের যন্ত্রপাতি চালু করার প্রস্তুতি ও প্রাথমিক চালুকরণ কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া রূপপুর প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের পারমাণবিক শক্তি খাতের সম্প্রসারণ এবং বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়।
আরও পড়ুন:







