শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ২০:০৮

শেয়ার

শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদ ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী প্রতীক। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই আন্দোলন নতুন গতি পায় এবং গণতান্ত্রিক আন্দোলন টার্নিং পয়েন্টে পৌঁছায় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান প্রবেশমুখে শহীদ আবু সাঈদ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আবু সাঈদের পাশাপাশি সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ তরুণ, শিক্ষার্থী, শিশু, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ স্বৈরশাসনের পতন ঘটে। রংপুরের সন্তান আবু সাঈদকে নিয়ে এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ পথ দিয়ে চলাচলকারী মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবেন। যুগে যুগে আবু সাঈদের মতো সাহসী মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। জুলাই আন্দোলনে তাঁর আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছে।

মন্ত্রী আরও বলেন, জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না সরকার। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ এবং এ অঞ্চলের উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, এ বিষয়ে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। সনদ বাস্তবায়নে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিরোধী পক্ষকেও রাখা হয়েছে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হবে।