হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরমান উদ্দিন সিদ্দিকী নামে এক যাত্রীর পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো সোনার পেস্টভর্তি তিনটি ডিম উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। তিনটি ডিমে থাকা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিকী।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় ওই যাত্রীকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার পায়ুপথে সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ পদার্থ পাওয়া যায়। পরে সেগুলো সোনা বলে শনাক্ত করা হয়। প্রতিটি ডিমে থাকা পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম করে।
কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:







