বৃহস্পতিবার

৮ অক্টোবর, ২০২৬ ২৩ আশ্বিন, ১৪৩৩

নয়াদিল্লিতে আজ বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬ ১০:৩০

শেয়ার

নয়াদিল্লিতে আজ বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক
ছবি সংগৃহীত

নয়াদিল্লিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনব্যাপী বৈঠকটি শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত চলবে।

বৈঠকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যের ওপর থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্থলবন্দরগুলোর নানা জটিলতার বিষয় তুলবে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যবসাসংক্রান্ত প্রায় সব দাবিই বৈঠকে তুলবে বাংলাদেশ। তবে ভারতীয় পক্ষ কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে, তা এখনো নিশ্চিত নয়। বৈঠকটি আলোচনাভিত্তিক হওয়ায় এতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না।

বাণিজ্য ঘাটতির বিষয়ও আলোচনায়

বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টিও আলোচনায় আসবে। ভারত থেকে বাংলাদেশ যে পরিমাণ পণ্য আমদানি করে, তার তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ কম।

তবে আলোচিত সিইপিএ চুক্তির বিষয়টি এবার বাংলাদেশের আলোচ্য তালিকায় রাখা হয়নি।

চীনের পর ভারত বাংলাদেশের সবচেয়ে বড় আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকে কারখানার কাঁচামাল, কাপড় ও তুলা আমদানি করেন।