বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ২১:৫২

আপডেট: ৭ অক্টোবর, ২০২৬ ২১:৫৮

শেয়ার

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
ছবি: সংগৃহীত

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হোটেল র‍্যাডিসন ব্লুতে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে চুক্তিটি সম্পন্ন হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় থাকা চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে। এতে দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমানের বহরে বড় ধরনের বৈচিত্র্য আসবে। বর্তমানে সংস্থাটির জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি। এয়ারবাসের নতুন প্রজন্মের এ৩৫০-৯০০ ও এ৩২১নিও যুক্ত হলে বিমান একই সঙ্গে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ পরিচালনা করবে।
এয়ারবাস কেনার এই উদ্যোগ বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনারও অংশ।
এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। পরে সেই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে।