বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ডিসিএইচ ট্রাস্টের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬ ১৬:৩৩

শেয়ার

রাষ্ট্রপতির সঙ্গে ডিসিএইচ ট্রাস্টের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতে এলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি নিজেও অনেক গরিব রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবার বিষয়ে সহযোগিতা কামনা করা হলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

এ সময় প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান ও জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।