মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

এশিয়ার আট দেশের তরুণদের নিয়ে ঢাকায় রাসায়নিক নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

এশিয়ার আট দেশের তরুণদের নিয়ে ঢাকায় রাসায়নিক নিরাপত্তা প্রশিক্ষণ শুরু
ছবি: সংগৃহীত

এশিয়া অঞ্চলের তরুণদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাগার ও শিল্পখাতে দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণটি চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশের ১৭ প্রশিক্ষণার্থী এবং দেশি-বিদেশি পাঁচজন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

আইএসপিআর জানায়, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও রাসায়নিক শিল্পখাতে দায়িত্বশীল বিজ্ঞান চর্চার সংস্কৃতি গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে তরুণদের মধ্যে রসায়নের শান্তিপূর্ণ ব্যবহার, দায়িত্বশীল গবেষণা ও নিরাপদ চর্চা সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রশিক্ষণটি ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।