মঙ্গলবার

৬ অক্টোবর, ২০২৬ ২১ আশ্বিন, ১৪৩৩

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৬:১১

আপডেট: ৬ অক্টোবর, ২০২৬ ১৬:১৫

শেয়ার

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।

বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে আগামী দুই দিন সাংবাদিকদের বলাকার ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

এ বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এ সময় তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের জানান, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই তাঁদের ফিরে আসতে হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এভাবে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তাঁরা।