জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিভিন্ন পর্যায়ে ১০১ শিক্ষক সম্মাননার তালিকায়
এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০১ জন শিক্ষক রাষ্ট্রীয় এই সম্মাননা পাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১০ জন। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৮ জন এবং মাদ্রাসায় ২ জন।
মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ জন। তাদের মধ্যে সাধারণ মাধ্যমিকে ১০ জন, কারিগরিতে ৫ জন এবং মাদ্রাসায় ৫ জন রয়েছেন। কলেজ পর্যায়ে ২৫ জনের মধ্যে সাধারণ শিক্ষায় ১৫ জন, কারিগরিতে ৫ জন ও মাদ্রাসায় ৫ জন শিক্ষক রয়েছেন।
সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছেন ২০ জন শিক্ষক। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন।
এ ছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও রয়েছেন তালিকায়।
যেভাবে চূড়ান্ত হয়েছে গুণী শিক্ষকদের তালিকা
গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পৃথক সার্চ কমিটি গঠন করে।
প্রতিটি ক্যাটাগরিতে সার্চ কমিটির সুপারিশ করা প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।
সারা দেশে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস
ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া।
শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান স্মরণ এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষকতা পেশার মর্যাদা সুদৃঢ় করাই দিবসটির মূল লক্ষ্য।
ওসমানী স্মৃতি মিলনায়তনের কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলা এবং বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে।
আরও পড়ুন:







