বাংলাদেশে বৈশ্বিক সংকট বা আকস্মিক ধাক্কা সামাল দেওয়ার মতো জরুরি জ্বালানি মজুদ ব্যবস্থা গড়ে ওঠেনি। বিশেষ করে আমদানিনির্ভর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে পর্যাপ্ত স্টোরেজ সক্ষমতা না থাকায় আন্তর্জাতিক বাজারের অস্থিরতার ঝুঁকি সরাসরি দেশের অর্থনীতি ও ভোক্তাদের বহন করতে হচ্ছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।
দেশের খাদ্যনিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাল ও গমের সরকারি মজুদ প্রায় ২৪ লাখ টন। এ মজুদ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারকে সহায়তা করে। তবে জ্বালানি খাতে একই ধরনের জরুরি মজুদ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি পণ্যও কৌশলগত মজুদের আওতায় থাকা প্রয়োজন। অনেক জ্বালানি পণ্যের জন্য বাংলাদেশ বিশ্ববাজারের ওপর নির্ভরশীল হওয়ায় দেশে পর্যাপ্ত মজুদ অবকাঠামো থাকা জরুরি। অতীতের বিভিন্ন সরকার এলএনজি ও এলপিজি স্টোরেজ সক্ষমতা গড়ে তোলার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে সংকট দেখা দিলে দেশের বাজারে দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
এলপিজিতে তীব্র সংকট
দেশে বর্তমানে জ্বালানি খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে এলপিজিতে। সরকারি আমদানি তথ্যে চাহিদা অনুযায়ী আমদানি করা হলেও বাজারে পণ্যটির তীব্র সংকট দেখা দিয়েছে। অপারেটর থেকে রিটেইলার পর্যন্ত বিভিন্ন পক্ষ সংকটের নানা কারণের কথা জানালেও সরকারি মজুদ ব্যবস্থা না থাকাকে এর বড় কারণ হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।
১২ কেজি এলপিজির দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে পণ্যটির দাম ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে হরমুজ প্রণালি কবে খুলবে, বাব আল মানদেব প্রণালির অচলাবস্থা কতদিন চলবে কিংবা সংকট দীর্ঘ হলে কতদিন দাম বাড়িয়ে বাজার স্বাভাবিক রাখা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে এক লাখ টন এলপিজি স্টোরেজ সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন দীর্ঘদিন ধরে এ অবকাঠামো তৈরির কথা বললেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি কয়েকটি এলাকায় এ ধরনের মজুদ সক্ষমতা গড়ে তুলতে জমি বরাদ্দ পাওয়া গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।
বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয়ভাবে এলপিজি মজুদ সক্ষমতা থাকলে সংকটের সময় সেখান থেকে বেসরকারি অপারেটরদের সরবরাহ দেওয়া যেত। এতে বাজারে সরবরাহ বাড়িয়ে সংকট কমানোর সুযোগ থাকত এবং বেসরকারি আমদানিকারক ও সরবরাহকারীদের হাতে বাজারের ৯৮ শতাংশ নিয়ন্ত্রণ থাকার পরিস্থিতিও কমানো যেত।
এলএনজিতেও নেই পর্যাপ্ত মজুদ
এলপিজির মতো এলএনজির ক্ষেত্রেও পর্যাপ্ত মজুদ সক্ষমতা নেই। ফলে বিশ্ববাজার থেকে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে সরবরাহের ওপর নির্ভর করতে হয়। কোনো কারণে এলএনজির দাম বেড়ে গেলে বা চুক্তির কার্গো সরবরাহ না এলে দেশের গ্যাস খাতে বড় সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে শিল্প ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে।
মজুদ সক্ষমতা না থাকায় বিশ্ববাজার থেকে কার্গো আমদানিতে সংকট তৈরি হলে এলএনজি টার্মিনাল বন্ধ রাখতে হয়। এতে টার্মিনাল চালু না থাকলেও বিপুল অর্থ পরিশোধ করতে হয়। আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ ভিড়তে না পারায় বছরে তিন-চারবার এলএনজি সরবরাহ বন্ধ রাখতে হয় পেট্রোবাংলাকে।
সংশ্লিষ্টদের মতে, ল্যান্ডবেজ এলএনজি টার্মিনাল নির্মাণ হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। বিশ্ববাজারের অস্থিতিশীল দামের সময় অন্তত এক-দুই মাস দাম না বাড়িয়েও ব্যয় সামাল দেওয়ার সুযোগ তৈরি হতো।
স্থানীয় গ্যাস সংকটের কারণে আবাসিক, সিএনজি, অটোগ্যাস ও শিল্পের বড় অংশ এলপিজির দিকে যাচ্ছে। বর্তমানে দেশে মাসে দেড় লাখ টনের বেশি এলপিজি ব্যবহার হয়। প্রাকৃতিক গ্যাস সংকটে অনেক শিল্প এলপিজিতে রূপান্তরিত হয়েছে। ব্যবসায়ীদের হিসাবে শিল্প খাতে এলপিজির চাহিদা বেড়ে ৫০ হাজার টনে দাঁড়িয়েছে। ভবিষ্যতে দেশে এলপিজির ব্যবহার আরও বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, আমদানি করা যেকোনো পণ্যের বাফার স্টক থাকা গুরুত্বপূর্ণ। এ মজুদ বাজার ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে। এলপিজি ও এলএনজি কৌশলগত পণ্য হওয়ায় এসবের টার্মিনাল স্টোরেজ ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বর্তমান এলপিজি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে সিপি প্রাইস সবার জন্য দৃশ্যমান হওয়ায় দাম বাড়তে থাকলে সরবরাহকারীদের মজুদের ওপর নিয়ন্ত্রণ থাকে। সরকারের স্টোরেজ থাকলে সেখান থেকে বাজারে এলপিজির সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত। অন্তত এক মাসের মজুদ থাকলে যুদ্ধ, উচ্চমূল্য কিংবা সরবরাহ সংকটের সময় তা বড় ভূমিকা রাখতে পারত।
মজুদ ব্যবস্থায় এগিয়ে জাপান, চীন ও যুক্তরাষ্ট্র
আমদানিনির্ভর অনেক দেশ আপৎকালীন জ্বালানি সংকট মোকাবিলায় কৌশলগত মজুদ ব্যবস্থা গড়ে তুলেছে। জাপান মধ্যপ্রাচ্যের অপরিশোধিত জ্বালানি তেলের ওপর নির্ভরশীল হলেও একটি ত্রিস্তরীয় মজুদ ব্যবস্থা তৈরি করেছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরে ভূরাজনৈতিক উত্তেজনার সময় এ মজুদ ব্যবস্থা দেশটির বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করছে।
চীনও এলপিজি ও এলএনজিতে শুধু মজুদের ওপর নির্ভর না করে বিভিন্ন স্তরে জ্বালানিনিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে। ২০২৪ সালে দেশটি সরকারি-বেসরকারি উৎপাদন সক্ষমতা ও মজুদের উৎসকে একটি কাঠামোর আওতায় আনে। ভূগর্ভস্থ মজুদকে মৌসুমি রিজার্ভ হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলএনজি টার্মিনাল, উপকূলীয় অবকাঠামো, জরুরি সরবরাহ ও আঞ্চলিক এলএনজি ট্যাংক ব্যবস্থা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের আপৎকালীন জ্বালানি ব্যবস্থার মূল ভিত্তি কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। ১৯৭০-এর দশকের জ্বালানি সংকটের পর ১৯৭৫ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববাজারে অস্থিতিশীলতার সময়ে দেশটি এ মজুদ থেকে তেল বাজারে সরবরাহ করেছে। সরকারি মজুদ থেকে বেসরকারি কোম্পানিকে নির্দিষ্ট সময়ের জন্য তেল ধার দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
বিভিন্ন দেশে এলএনজির জন্য টার্মিনাল স্টোরেজ, ভূগর্ভস্থ গ্যাস স্টোরেজ, ভাসমান টার্মিনালে সংরক্ষণ এবং একাধিক সরবরাহকারী রাখার ব্যবস্থা রয়েছে। এলপিজির ক্ষেত্রে বড় আকারের স্টোরেজ ও বাল্ক ট্যাংক, বন্দরভিত্তিক স্টোরেজ, আমদানিকারকদের বাধ্যতামূলক ন্যূনতম মজুদ এবং জরুরি পরিস্থিতিতে সরকারি মজুদ বাজারে ছাড়ার ব্যবস্থা রয়েছে।
জ্বালানি আমদানিতে বাড়ছে ব্যয়
বিশ্ববাজারের সংকট মোকাবিলায় বাংলাদেশকে অনেক বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজি আমদানিতে অর্থের ওপর চাপ বাড়ছে এবং সরবরাহ শৃঙ্খলেও সমস্যা তৈরি হচ্ছে।
দেশে জ্বালানি তেলের মজুদ সংরক্ষণাগার রয়েছে ৬০ দিনের। এ মজুদ ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা করেছে বর্তমান সরকার। বিপিসির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে জ্বালানি তেলের মজুদ সংরক্ষণাগার ৭১ দিনে উন্নীত হবে।
গ্যাস খাতে এলএনজির গুরুত্বও বাড়ছে। ফেব্রুয়ারির তুলনায় বর্তমানে তিন গুণ দামে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। এরই মধ্যে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। বিদ্যমান দাম বজায় থাকলে চলতি বছর এলএনজি আমদানিতে ৯০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে জানিয়েছেন পেট্রোবাংলার কর্মকর্তারা।
ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, এলপিজি-এলএনজির মজুদ অবকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। বেসরকারি খাত থেকেও প্রস্তাব দেওয়া হয়েছে। এলপিজি, এলএনজি ও হাইড্রোজেন নিয়ে তাদের তিনটি প্রস্তাব তিন-চার বছর ধরে আটকে আছে। জ্বালানি খাতে স্টোরেজ সক্ষমতা থাকলে সংকটের সময় বড় সুবিধা পাওয়া যায়। গভীর সমুদ্রবন্দর এলাকায় এ ধরনের অবকাঠামো গড়ে তোলা গেলে দাম নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থাপনা ও বড় জাহাজে আমদানির সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা বলেন, সরকার অবকাঠামো সুবিধা তৈরি করলে বেসরকারি অপারেটররা তা ব্যবহার করে সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তা করতে পারবে। দীর্ঘদিন ধরে এলপিজি স্টোরেজ নিয়ে আলোচনা হলেও এটি হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মহাপরিকল্পনায় থাকলেও বাস্তবায়ন হয়নি
স্থানীয় গ্যাস সংকটের কারণে ভবিষ্যতে এলএনজি আমদানি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি স্টোরেজ বা মজুদ সক্ষমতা তৈরির বিষয়টি বিদ্যুৎ-জ্বালানির সমন্বিত মহাপরিকল্পনা ২০২৩-এ উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৫০ সালের পর এলএনজি আমদানি টার্মিনালগুলোর বার্ষিক সক্ষমতা ৩০ মিলিয়ন টন ছাড়িয়ে যেতে পারে।
এর আগে পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান ২০১৬-তে দেশের অভ্যন্তরীণ জ্বালানি মজুদ ও উৎপাদন কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে জ্বালানির বহুমুখীকরণ ও অবকাঠামো তৈরির কথা বলা হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনে এককভাবে গ্যাসের ওপর নির্ভর না থাকারও পরামর্শ দেওয়া হয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের এসব মহাপরিকল্পনায় জ্বালানি অবকাঠামো, বহুমুখী উৎস ও মজুদ সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হলেও বাস্তবে সরবরাহ ব্যবস্থাপনায় এককভাবে আমদানি করে গ্রিডে সরবরাহ দেওয়ার ওপর নির্ভর করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি আমদানি ঝুঁকি, যুদ্ধ, উচ্চমূল্য এবং স্থানীয় জ্বালানির ক্রমহ্রাসমান মজুদের বিষয়গুলো গুরুত্ব পায়নি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সরকারি এলপি গ্যাস কোম্পানি দেশে সরকারি এলপিজি স্টোরেজ গড়ে তুলতে চট্টগ্রামের কর্ণফুলী, বাগেরহাটের মোংলা ও মহেশখালীর মাতারবাড়ীতে জমি বরাদ্দ পেয়েছে। তবে এসব প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জ্বালানি তেল ও এলএনজির জন্য সরকার আপৎকালীন মজুদ ব্যবস্থাপনা করতে পারে। তবে এতে ইনভেনটরি কস্ট বেড়ে যাওয়ার সুযোগ রয়েছে।
দেশে এলপিজি ও এলএনজি স্টোরেজ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। জ্বালানিনিরাপত্তার জন্য এ ধরনের অবকাঠামো নির্মাণ করে সরবরাহ স্থিতিশীল ও দাম স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন:







