জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রবিবার জবির আধুনিকায়নকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি এই মিলনায়তন সংস্কার ও আধুনিকায়ন করে।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর অর্পণ করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘সিপাহি বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। এটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ধূপখোলা মাঠ যথাযথভাবে বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। এছাড়া পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জবিকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







