বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

ইলিয়াস হোসাইনের নাম ভাঙিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬ ১৯:৫১

আপডেট: ১ অক্টোবর, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

ইলিয়াস হোসাইনের নাম ভাঙিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি
ছবি সংগৃহীত

খুলনায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও সংবাদমাধ্যম বাংলা এডিশনের নাম ব্যবহার করে এক চাকরিজীবীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় সাংবাদিক মঞ্জুর এলাহির বিরুদ্ধে। বিজ্ঞাপনের আড়ালে অর্থ দাবির পাশাপাশি প্রভাব বিস্তারের চেষ্টা ও পরোক্ষ হুমকির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বাংলা এডিশনের হাতে আসা একটি ফোনালাপে শোনা যায়, মঞ্জুর এলাহি ইমরান আলী নামের এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা দাবি করছেন। তবে সরাসরি চাঁদা না চেয়ে বিজ্ঞাপনের নামে ওই অর্থ নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

ফোনালাপ অনুযায়ী, পাঁচ লাখ টাকা সরাসরি দাবি না করে পাঁচ টাকার বিজ্ঞাপনের কথা বলা হয়। এর আড়ালে বড় অঙ্কের অর্থ দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ব্যক্তি।

একপর্যায়ে নিজের প্রভাব বিস্তারের জন্য অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাংলা এডিশনের নাম ব্যবহার করেন মঞ্জুর এলাহি। ফোনালাপ রেকর্ড করা হয়েছে জানার পর ইমরান আলী যেন কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা না করেন, সে জন্য তাকে পরোক্ষভাবে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

নাম ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ

অভিযোগের বিষয়ে মঞ্জুর এলাহির সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা এডিশন ও সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করার বিষয়টি স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেন।

তবে ইমরান আলীর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং এলাকায় জমি দখলের একাধিক অভিযোগ করেন মঞ্জুর এলাহি। অন্যদিকে ইমরান আলী নিজের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেও তার কাছে অর্থ দাবি করার ঘটনায় মঞ্জুরের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

মঞ্জুর এলাহি খুলনায় স্থানীয় সাংবাদিক হিসেবে একটি জাতীয় সংবাদমাধ্যমে কাজ করতেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, চাঁদাবাজির অভিযোগে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে।

ইলিয়াসের নামেও ভুয়া টেলিগ্রাম চ্যানেল

এদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইনের নামে টেলিগ্রামে একটি ভুয়া কমিউনিটি চ্যানেল খুলে বাংলা এডিশনের শেয়ার বিক্রির নামে প্রতারণার অভিযোগও সামনে এসেছে।

বাংলা এডিশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভুয়া টেলিগ্রাম চ্যানেল কিংবা সেখানে প্রকাশিত কোনো পোস্টের সঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসাইন বা বাংলা এডিশন কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইলিয়াস হোসাইন ও বাংলা এডিশনের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা প্রতারণার চেষ্টা করলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া +৮৮-০১৯১৪০৯৯৯৭০ নম্বরে অথবা [email protected] ই-মেইলে বিষয়টি জানাতে আহ্বান জানানো হয়েছে।