বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

আগামীকাল ফেনীতে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪১

শেয়ার

আগামীকাল ফেনীতে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন
ছবি সংগৃহীত

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন হবে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর)। ফেনীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে ১ লাখ ৪৭ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণের উদ্বোধন করা হবে এবং কার্ডের বিপরীতে উপকরণ সহায়তার অর্থ দেওয়া হবে।

ফেনীতে ৭ হাজার ৬৪৩ কৃষক পাবেন কার্ড

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের বিতরণ কার্যক্রমের উদ্বোধন হবে। এ সময় ফেনীর ৭ হাজার ৬৪৩ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে ফেনী ছাড়াও দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে। বাকি ৬৪ উপজেলাও অনুষ্ঠানে যুক্ত থাকবে।

চলতি বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক

কৃষক কার্ডের প্রাক-পাইলট পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়ার পর চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষক কার্ডের আওতায় আসছেন।

কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ কেনায় সহায়তা দেওয়া এবং কৃষি খাতে সরকারি সহায়তা আরও সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক ২ হাজার ৫০০ টাকা পাবেন। এই অর্থ দিয়ে তারা কৃষিতে ব্যবহার উপযোগী উপকরণ কিনতে পারবেন।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরই মধ্যে সারাদেশের প্রায় ১৮ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ১৬৫টি কার্ড তৈরি হয়েছে।

সরকার আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

ফেনী সফরে আরও কয়েকটি কর্মসূচি

এর আগে ১৭ সেপ্টেম্বর ফেনীতে কৃষক কার্ডের উদ্বোধন করার কথা থাকলেও তা বাতিল করা হয়।

আগামীকাল প্রধানমন্ত্রীর ফেনী সফরে কৃষক কার্ড ছাড়াও মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প উদ্বোধন করা হবে। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার উদ্বোধনও করা হবে।