রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত মো. আরসালান খান সামি ওরফে ন্যাটা সামিকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।
এসআরবি-২ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামি ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আরসালান খান সামি ওরফে ন্যাটা সামিকে গ্রেপ্তার করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের ব্লক-বি, ১৩২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-২ জানায়, গ্রেপ্তার আরসালান খান সামি ওরফে ন্যাটা সামির বিরুদ্ধে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
পিসিপিআর যাচাই করে এসআরবি-২ আরও জানায়, আরসালান খান সামি ওরফে ন্যাটা সামির নামে মোহাম্মদপুর থানায় ২০২৫ সালের ২৪ অক্টোবর একটি মামলা রয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়েছিল।
এসআরবি-২ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন:







