প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওয়ান্ডারফুল পারসন বা চমৎকার ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হলে সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।
তবে তারেক রহমানের ভারত সফরের কোনো দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি।
গত ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার ভারত সফর নিয়ে আলোচনা চলছে। এ সফরের মধ্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েন কমবে বলে আশা করা হচ্ছিল।
এর মধ্যে গত মাসে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমান অংশ না নেওয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে টানাপড়েনের আলোচনা শুরু হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান করে বিভিন্ন তৎপরতার বিষয়টিও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে আলোচনা রয়েছে।
দুই নেতার বৈঠক নিয়ে আশাবাদ
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, তার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। তিনি তারেক রহমানকে ওয়ান্ডারফুল পারসন হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেছিলেন বলে জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই নেতার মনোভাব একই। চ্যালেঞ্জ আছে এবং থাকবে। তবে তারা যখন বসবেন, এমন কোনো প্রশ্ন নেই যার সমাধান পাওয়া যাবে না। এ বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
তাড়াহুড়ো না করে যথাসময়েই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আশা প্রকাশ করেন ভারতের হাইকমিশনার। দুই দেশের জনগণও এই বৈঠক চায় বলে জানান তিনি।
বৈঠকটি কবে হতে পারে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, এখনো কোনো তারিখ বা মাস নির্ধারিত হয়নি। তবে বৈঠক হবে।
দুই দেশের সম্পর্কের পরিবেশ অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এজন্য দুই নেতাকেই সময় দিতে হবে।
আরও পড়ুন:







