বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২১

শেয়ার

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

মামলার এজাহারে গোলাম মহিউদ্দিন চৌধুরী চার নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে তিনজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

এর আগে একই মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।