বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৬

শেয়ার

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর
ছবি সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানির দিন থাকলেও নিয়মিত বিচারক না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়।

এদিন ভারপ্রাপ্ত বিচারক মিনহাজ মোসাদ্দেক অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

জুম মিটিং ঘিরে মামলার অভিযোগ

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে জয় বাংলা ব্রিগেড নামে একটি গ্রুপের জুম মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আলোচনা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই মিটিংয়ে দেশ-বিদেশ থেকে মোট ৫৭৭ জন অংশ নেন। সেখানে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনা এবং তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেখ হাসিনার সব নির্দেশ পালন করার বিষয়েও অংশগ্রহণকারীরা একমত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভয়েস রেকর্ড পর্যালোচনার কথা মামলার নথিতে

মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের হোস্টিংয়ে অনুষ্ঠিত ওই মিটিংয়ে শেখ হাসিনা, হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতা-কর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করা হয়।

নথি অনুযায়ী, জয় বাংলা ব্রিগেডের ওই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে সরকার উৎখাতের জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহের অপরাধের উপাদান রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

৭৩ জনের বিরুদ্ধে মামলা, পরে আসামি ২৮৬ জন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন।

পরে ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স মো. এনামুল হক।

মামলার উল্লেখযোগ্য আসামিরা

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন, যুক্তরাষ্ট্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ. কে. এম. আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, শাহীন, অ্যাডভোকেট এ. এফ. এম. দিদারুল ইসলাম ও মাকসুদুর রহমান।

এ ছাড়া রয়েছেন সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান।