মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৮

শেয়ার

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি
ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তৃতীয় সংশোধনীতে প্রকল্পটির ব্যয় দাঁড়াচ্ছে ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি প্রকল্পের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় মোট ১৩টি প্রকল্পের জন্য প্রায় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

তৃতীয় সংশোধনীতে ব্যয় ও মেয়াদ

২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া থার্ড টার্মিনাল প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে একাধিকবার প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় সংশোধনীতে এবার মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি। দ্বিতীয় সংশোধনীতে সেই ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা।

তৃতীয় সংশোধনীতে প্রস্তাবিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা। ফলে দ্বিতীয় সংশোধনীর তুলনায় এবার ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

সরকারি অর্থায়ন ও প্রকল্প ঋণ

তৃতীয় সংশোধনীতে প্রকল্পটির জন্য সরকারের অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা। প্রকল্প ঋণ ধরা হয়েছে ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।