মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৭

শেয়ার

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে সরকার। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় এবং এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় ও মামলার বিষয়গুলোও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘তাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা চলছে।’

তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি তোলা হচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকার বিষয়টিকে মূলত বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখছে। তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।