বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা এখনও অত্যন্ত ইতিবাচক রয়েছে। দুই দেশের সরকারপ্রধানদের সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভারতের দেওয়া আমন্ত্রণের দরজা সবসময় উন্মুক্ত রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখনই উপযুক্ত মনে করবেন, তখনই বহুল প্রতীক্ষিত এই সফর অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি চমৎকার পরিবেশে আলোচনা হয়েছে। কোনো একক সুনির্দিষ্ট ইস্যুর পরিবর্তে সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তাদের কথা হয়েছে।
পরে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে সুদূরপ্রসারী, টেকসই ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব বজায় রেখে কাজ করে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
আরও পড়ুন:







