নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়স বৃদ্ধি ও নিবন্ধন ফি বাড়ানোসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখা।
এসব দাবি বাস্তবায়নের জন্য সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের যে অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে, তা অবসরকালীন সময় পর্যন্ত বহাল রাখতে হবে। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া পিতার অবসরের পর যোগ্যতার ভিত্তিতে পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বাল্যবিবাহ নিরোধ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে বৈবাহিক বয়স নির্ধারণের ক্ষেত্রেও পরিবর্তনের দাবি জানানো হয়েছে। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর নির্ধারণের দাবি করা হয়েছে।
নিকাহ রেজিস্ট্রারদের হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ এবং নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ‘ডিও লেটার’ প্রথা বন্ধের দাবিও রয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপির সপ্তম দাবিতে নিকাহ ও তালাক নিবন্ধনের ফি পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বিবাহ নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা, পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, তালাক নিবন্ধন ফি ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং বিবাহের নকল ফি ৫০ টাকা থেকে ২০০ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কমিশন ফি ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অষ্টম দাবিতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে ও তালাকের হলফনামা বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, এ ধরনের হলফনামার কারণে বাল্যবিবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।
স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দায়িত্ব পালন করছেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা কাজী সমিতির সভাপতি কাজী মাওঃ মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী মাওঃ মো. শফিউল আলম চৌধুরী, সহ-সভাপতি মো. শফিউল আলম,সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. আনিছুর রহমান রফিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:







