মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩

শেয়ার

আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২
ছবি সংগৃহীত

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে চাপাতি নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী হাউজিং এলাকার বাড়িটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এর আগে বাড়িটি দখলের চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ডিএমপির অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হাবিবুল্লাহ ওরফে রাসেলকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে গুলিবিদ্ধ দুজনের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।