সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৮

শেয়ার

স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি সংগৃহীত

মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া আদালতে মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ

আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা করা হয়।

দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদকের তথ্য

দুদক আবেদনে জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

পরে আদালত মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।