রাজধানীর তুরাগ থানাধীন খানটেক এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ তুহিন মাহমুদ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউনিয়া বটতলা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে, খানটেকের প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের একটি বাসার ৯ম তলার ফ্ল্যাটে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। পরে ভোর ৫টা ৪৫ মিনিটে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তুহিন মাহমুদকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বাসায় তল্লাশি চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তুহিন মাহমুদ দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:







