সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৩

শেয়ার

আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-১। আবুল কালাম আজাদ (৬৫), ২। মোঃ রাসেল (২০), ৩। মোঃ আতিকুল (২৫), ৪। মোঃ রাসেল পিয়াদা (২২) ও ৫। লিয়ন (২১)।

আদাবর থানা সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ ভোর আনুমানিক ০৬:৩০ ঘটিকায় খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর প্লটের ওপর নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে আদাবর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালাম আজাদকে এবং ভোর আনুমানিক ০৬:০৫ ঘটিকায় পৃথক অভিযান পরিচালনা করে মোঃ রাসেল, মোঃ আতিকুল, মোঃ রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।