জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে।
সাক্ষী অসুস্থ থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের সদস্য মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, এ মামলায় সোমবার রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু ওই সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে অক্টোবরের শেষের দিকে সময় চাওয়া হয়।
পরে ট্রাইব্যুনাল আগামী ২৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেন।
এদিন সকালে মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
গত ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এরপর ২২ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ।
হত্যা, উসকানি, প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরও পড়ুন:







