নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের বিষয়ে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকতে হবে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মানাং ও আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা
দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং রয়েছে।
পোখারা ও পার্বত্য এলাকায় ভ্রমণে সতর্কতা
ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।
মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণের আগে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়কের যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব সড়কের যোগাযোগব্যবস্থা তাৎক্ষণিকভাবে বিঘ্নিত হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
ট্রেকিং ও ভ্রমণের আগে তথ্য যাচাইয়ের পরামর্শ
বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ ও ভ্রমণের পরিকল্পনার আগে সব তথ্য যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার, নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলার এবং ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।
দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
আরও পড়ুন:







