ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশে ও দেশের বাইরেও এই উপনির্বাচন প্রশংসিত হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও একইভাবে কাজ করবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। নির্বাচনি মাঠের পরিবেশ ভালো রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।
উপনির্বাচনের তফসিল
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন:







